চট্টগ্রাম নগরের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদারের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি পুলিশে যোগ দেন। তার বাড়ি মাদারীপুর সদর থানার উত্তর দুধখালী এলাকায়। তিনি ওই এলাকার আবদুল হক সরদারের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করছিলেন আল আমিন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসচালককে আটক করেন এবং বাসটি জব্দ করেন। পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার ভোরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় ওই কনস্টেবল আহত হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।