ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ২১:৩৩ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২১:৩৩

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য সুমনকে হাজির করা হয়। সেখানে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান। তিনি বলেন, ‘আজ বিকালে আদালতের বিচারক মমিনুল হকের কাছে আসামি সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শনিবার রাত ৭টা ২০ মিনিটে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় স্কুলছাত্রীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলে সুমন। পরে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। এ সময় লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ বলছে, ওই দিন রাতে স্কুলছাত্রী সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাসায় ফেরার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠেছিল। শর্টকাট পথে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে চালক সুমন মিয়া তাকে নির্জন ধানক্ষেতের এলাকায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর হত্যা করে চালক। প্রাথমিক তদন্তে ওই ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুমনের এককভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে আটক করা হয়। ঘটনার পর পালিয়ে তার ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিল সুমন।

পুলিশ জানায়, সুমন ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতো। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তবে নিজের বাড়িতে জমিজমা ও ঘর না থাকায় লালমাই উপজেলায় শ্বশুরবাড়িতে থাকতো। বেশিরভাগ সময় রাতে পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় যাত্রী পরিবহন করতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস থেকে নামে ওই ছাত্রী। এরপর তিশা বাস কাউন্টারের সামনে গিয়ে বাসায় ফেরার জন্য অটোরিকশা খুঁজছিল। একপর্যায়ে ৩০০ টাকা ভাড়া ঠিক করে সুমনের সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। অটোরিকশায় ওঠার পর কিছুটা সামনে গিয়ে চালককে ১০০ টাকা দেয় ছাত্রী। সেই টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনে সুমন। এরপর ছাত্রীকে শর্টকাট পথে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সুমন। পরে কুমিল্লা-চাঁদপুর সড়ক ধরে বিজরা বাজার হয়ে লালমাইয়ের দিকে যেতে থাকে অটোরিকশা। সেখানে নির্জন ও অন্ধকার একটি ধানক্ষেতের পাশে অটোরিকশা থামিয়ে দেয় চালক। ওই সময় সুমন তাকে ধর্ষণের চেষ্টা করে। সে চিৎকার করলে গলায় গামছা পেঁচিয়ে ধরে। পরে তাকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে সুমন।

পুকুরে গোসল, জঙ্গলে রেখে যায় আইফোন

ঘটনার রাতে বাবার মোবাইল ফোনে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে বাঁচার আকুতি জানিয়েছিল ওই কিশোরী। তবে তখন তার বাবা বার্তাটি দেখতে পাননি। ভোরে বার্তাটি দেখেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে মেয়ের মরদেহ উদ্ধার করতে দেখেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, ‘হত্যার পর ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে চলে যায় সুমন। পরে একটি পুকুরে গোসল করে জঙ্গলে কিশোরীর আইফোন রেখে চট্টগ্রামে চলে যায়।’

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের ধানক্ষেত থেকে ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে নগরীর রেসকোর্স এলাকায় থাকতো।

/এএম/ 
সম্পর্কিত
বাঁচার জন্য মেয়েটা ধান ক্ষেতে ছোটাছুটি করেছে, জানোয়ারটা বাঁচতে দিলো না
কলেজছাত্রহত্যা: গ্রেফতার ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ
দুই বছরের শিশুকে বিষ পান করিয়ে হত্যা, আদালতে সৎ মায়ের স্বীকারোক্তি
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের ছবিতে কালি, ৪ জনকে ডিবির জিজ্ঞাসাবাদ
রবীন্দ্রনাথের ছবিতে কালি, ৪ জনকে ডিবির জিজ্ঞাসাবাদ
রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত হলো কী কারণে
রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত হলো কী কারণে
ডিএনএ দিয়েই তৈরি হলো আস্ত কম্পিউটার, চলবে বিদ্যুৎ ছাড়া
ডিএনএ দিয়েই তৈরি হলো আস্ত কম্পিউটার, চলবে বিদ্যুৎ ছাড়া
রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কাদের, কেন এত ক্ষোভ?
রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কাদের, কেন এত ক্ষোভ?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল