ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনেই এসেছি: চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে তিনি পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে তিনি এসব কথা বলেন।

বর্তমানে উপাচার্যকে হাসপাতালে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (১৪ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হবে।

অবরুদ্ধ থাকার সময় নিজেদের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে উপাচার্য বলেন, অমানবিক একটা পরিবেশে ছিলাম আমরা। এর প্রেক্ষিতে আমাদের ১১ জনের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। অনেকে অসুস্থ হয়ে যান। আমাদের দুজন অ্যালামনাই সদস্য গত রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ বন্ধ থাকায় আমাদের অমানবিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এর প্রেক্ষিতে একপর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শক্রমে আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে শেখ শরীফুল আলম বলেন, সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছেন উপাচার্য। তিনি বলেন, আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না, এ রকম কোনও বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। আপনারা দেখেছেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আমার কথা বলার মতো পরিস্থিতি ছিলো না। যারা এ রকম সংবাদ প্রচার করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমরা তোমাদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট করো না। তোমরা হয়তো কোনও স্বার্থান্বেষী গোষ্ঠীর পাল্লায় পড়ে ব্যবহৃত হচ্ছ। তোমরা যথেষ্ট বুদ্ধিমান। তোমরা কারও দ্বারা ব্যবহৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস।

অধ্যাপক শেখ শরীফুল আলম আরও বলেন, রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেই চট্টগ্রামে এসেছি। কোনও ব্যক্তিগত স্বার্থে বা কোনও দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি।

গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এরপর শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কার্যালয় না ছাড়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ফটকে আবার তালা দেওয়া হয়। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে উপাচার্যকে উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যাম্পাস থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

/আরএইচ/
সম্পর্কিত
৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করলেন ডিসি ও এসপি
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের বুকে ব্যথা, যেতে চান হাসপাতালে
হাসপাতালে নিয়োগ বাবুর্চির সহকারী হিসেবে, দায়িত্ব পালন করছেন ওয়ার্ড বয়ের
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
সরকারকে তোয়াক্কা করছে না, সুন্দরবনের আর কত ক্ষতি করবে রিসোর্টগুলো?
সরকারকে তোয়াক্কা করছে না, সুন্দরবনের আর কত ক্ষতি করবে রিসোর্টগুলো?
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না