কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র লুৎফর রহমান।
তিনি জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে আটক ৫১৯ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের এই কর্মকর্তা।