ঢাকা-কক্সবাজার রুটে আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে চলাচল শুরু করবে আরেকটি নতুন ট্রেন। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করা হবে। রেলমন্ত্রী শেখ রবিউল আলম ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি চলছে। উদ্বোধনী দিনের সোমবারের সব টিকিট ইতিমধ্যে বিক্রি শেষ হয়ে গেছে।
ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেস ট্রেনে ১৬টি কোচ থাকবে। আসন সংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকবে।
কখন ছাড়বে
ঢাকার কমলাপুর স্টেশন থেকে থেকে ট্রেনটি (নম্বর ৭২২) যাত্রা করবে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। পরদিন সকাল ৬টায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
একইভাবে ফিরতি যাত্রা (ট্রেন নম্বর ৭২১) সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
যেসব স্টেশনে থামবে
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী ঢাকার বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে।
ঢাকা থেকে কক্সবাজার ভাড়া কত
এ ট্রেনে শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের সুব্যবস্থা থাকছে। এরমধ্যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৮৫, স্নিগ্ধার ১৩১১ ও এসি বার্থের ভাড়া দুই হাজার ৪০৮ টাকা।
এর আগে গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে চার জোড়া ট্রেন কক্সবাজারে চলাচল করছে। যাত্রী চাহিদা বিবেচনায় এই সংখ্যা পাঁচ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বিরতিহীন আন্তঃনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া আন্তঃনগর ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস চলাচল করছে। এর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ১১টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। আর পর্যটক এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় দুপুর ২টা ৪০ মিনিটে।