নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিতে তার বাম পা ও রান আহত হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত।
আহত জামাল উদ্দিন উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। বর্তমানে তার একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।
শনিবার রাতে বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তার বাম পা ও রান গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার বাম পা ও রানে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে গুলি করেন। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা এখনও জানা যায়নি।