গাজীপুরে কারখানার কর্মকর্তাদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এক নারী শ্রমিককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম তানিয়া খাতুন লাকি (২৬)। তিনি গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকার ডিউ ফ্যাশন লি. কারখানার শ্রমিক। তিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য বলে জানা গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, ডিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে কারখানার ভেতরে কর্মবিরতি করে বিক্ষোভ করে। দুপুর সাড়ে ১২ টার দিকে কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (অ্যাডমিন) রবিউল আলম, পরিচালক একরামুল হকসহ বিক্ষোভরত শ্রমিকদের কাছে গিয়ে কাজে যোগ দিতে বলেন। এক পর্যায়ে শ্রমিক তানিয়া খাতুন, কুলসুম আক্তার, রীনা আক্তার, লিপি আক্তার,জেসমিন, স্বপন, রাজু হোসেনসহ শ্রমিকরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে এবং কারখানার পরিচালক একরামুল হকের কাছ থেকে এক মোবাইল ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এসআই আরও জানান, এ ঘটনায় রবিউল আলম বাদী হয়ে ১৫ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার রাতে তানিয়াকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হিমায়িত চিংড়ি রফতানি: এক বছরে আয় কমেছে ২১২ কোটি টাকা
এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও বোর্ড বাজার- বড়বাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, তানিয়া খাতুন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কর্মী।
/এআর/







