দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কপথের যোগাযোগ নৌরুট দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ, ভোগান্তি কমেছে। এছাড়া ফেরি পার হতে আসা যানবাহনের অপেক্ষমাণ লাইনও নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।
জানা যায়, সোমবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের লাইন সড়ক পর্যন্ত যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, এক সপ্তাহ আগে এই ফেরিঘাটে যানবাহন আর যাত্রীর ভিড় ছিল মাত্রাতিরিক্ত। সবগুলো ফেরি সার্ভিসে রেখেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। সব গাড়িই ঘাটে আসা মাত্র ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না।
তিনি আরও জানান, গত ৪/৫ দিন যে হারে যাত্রীর উপচেপড়া ভিড় ছিল, এখন তা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।
/এবি/







