বিদ্যুতের টাকা লেনদেন নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে কুব্বত আলী মাস্টার (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলসি ইউনিয়নের বিষ্ণপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই মুক্তিযোদ্ধা।
লাঞ্ছিত কুব্বত আলী মাস্টার জানান, বিদ্যুৎ সংযোগের জন্য তিনিসহ এলাকার কয়েকজন দেলোয়ার হোসেন (৪০) নামে একজনকে বেশ কিছু টাকা দেন। কিন্তু দেলোয়ার হোসেন বিদ্যুৎ আনার বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাকে দেওয়া টাকা ফেরত চান মুক্তিযোদ্ধা কুব্বত আলী। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কুব্বত আলীকে প্রকাশ্যে চর থাপ্পড় দেন দেলোয়ার। এরপর কুব্বত আলীর বসতভিটা ভাঙচুরের চেষ্টা চালালে স্থানীয়রা বাধা দেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মুক্তিযোদ্ধা কুব্বত আলীকে মারধরের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
/বিটি/








