নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মন্দির থেকে সিঁদ কেটে শ্রীকৃষ্ণের অষ্টধাতুর তৈরি একটি মূর্তি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মূর্তিটি গোপাল নামে পরিচিত। এটি কৃষ্ণের শৈশবের মূর্তির প্রতীক। এ মূর্তির ভর আট কেজি। মূর্তিটি তৈরি স্বর্ণ ও রূপা ব্যবহার করে হয়েছিল বলেও জানা যায়।
মন্দিরের তত্ত্বাবধায়ক সুভাষ সেন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এদিকে ফতুল্লা মডেল থানার এসআই সুলতান মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফতুল্লার কাশীপুর নমপাড়া লক্ষ্মীবাড়ী ইসকন মন্দির থেকে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যবর্তী কোনও এক সময়ে মূর্তি চুরির ঘটনা ঘটে। মন্দিরটির চারদিক মাটির তৈরি। চোরের দল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে।
ওই মন্দিরের তত্ত্বাবধায়ক সুভাস দাস জানান, বৃহস্পতিবার সকালে তিনি মন্দিরে প্রবেশ করে দেখেন সিঁদ কাটা এবং মন্দিরে থাকা গোপালের মূর্তিটি নেই।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ মন্ডল জানান, দুপুরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূর্তিটিতে সামান্য কিছু স্বর্ণ ছিল। এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।
/এইচকে/
পড়ুন: নারায়ণগঞ্জে দুই পূজা কমিটির সভাপতি মুসলমান








