মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় হতদরিদ্রের ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় এক ডিলারকে আটক করেছে জনতা। ওই ডিলারের নাম আশরাফুল হক মিন্টু (৩৮)। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মানদাত্তা বাজারে এ ঘটনা ঘটে। ডিলার আশরাফুল হক মিন্টু একই উপজেলার চকমিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার নবেজ আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রিপন মিয়া (৪০) হতদরিদ্রের ডিলার আশরাফুল হক মিন্টুর কাছ থেকে ১০ টাকা কেজির হতদরিদ্রের চাল ২০ টাকা কেজি দরে কেনার সময় স্থানীয় লোকজন হাতে নাতে ধরে ফেলে। বেশি দামে কার্ড ছাড়া রিপনের কাছে এক বস্তা (৫০ কেজি) চাল বিক্রি করায় মিন্টুকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টুকে থানায় নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটক মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিউর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:
/বিটি/








