নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বিপুল ভোটে জেতার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সরকারের ওপর নির্ভর করছে। নির্বাচনে কী হয় তা তো জানি না। আমরা আশা নিয়েই এসেছি। প্রশাসন যদি নিরপেক্ষ থেকে কাজ করে তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়ী হবো।’ বৃহস্পতিবার নাসিক নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে আদর্শ স্কুল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় নগরীর মাজদাইর এলাকায় ৮৩ নাম্বার কেন্দ্র আদর্শ স্কুলে সাখাওয়াত তার ভোট দেন। ভোট দেওয়া শেষে নির্বাচনে নগরীর ভোট কেন্দ্রে এসে হারানো ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
নির্বাচন পরিস্থিতি বিষয়ে সাখাওয়াত বলেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক। এখনও কোথাও কোনও বিশৃঙ্খলের খবর পাইনি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমি মাঠেই থাকবো।’
আদর্শ স্কুল কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কেন্দ্রে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী নেই।’ এই কেন্দ্রে তিনি বিজিবি টহলের আহ্বান জানান।
এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৈমুর আলম খন্দকার উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় ভোটাররা জানান, এ ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত ভোটারের সংখ্যা বেশি।
/এসটিএস/এআর/








