টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। বুধবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও এক ডাকাত।
নিহতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)। এ ঘটনায় আহত চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নেক মাহমুদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বুধবার ভোররাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব ও উফুলকী গ্রামের আজাহার আলী এবং রবির বাড়িতে গণ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী তিন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় দুই ডাকাত মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/








