রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুকুর খননের সময় ড্রাম্প ট্রাক (মাটি টানার ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ট্রাকচালক জাহাঙ্গীর ব্যাপারীর (২৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ট্রাক চালক রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের ক্যলানপুর গ্রামের রহুল আমিনের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ও রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে পুকুরের পানি সেচে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম পিপিএম জানান, মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/আরএইচ/এআর/






