গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল হাছান। তিনি উপজেলার খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। রবিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা চলাকালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে বহিষ্কার করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা বলেন, ‘ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ছিলেন। পরীক্ষা চলাকালে এক ছাত্রকে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে হল থেকে সাময়িক বহিষ্কার এবং এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল জানান, আজ দুপুরে পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক আবদুল্লাহ আল হাছানকে সাময়িক বরখাস্তের (রেজ্যুলেন করে) চিঠি দিয়েছে। গণিত পরীক্ষায় গণিত শিক্ষককে কেন কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া হলো এ জন্য কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
/এমডিপি/







