গাজীপুরে পেনডোরা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার তিন বিদেশি কর্মকর্তাকে মারধর এবং তাদের আটকে রেখে টাকা পয়সা আদায়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকার নাসির উদ্দিন ও বিল্লাল হোসেন টিটু।
পেনডোরা ফ্যাশন লিমিটেডের প্রশাসন ব্যবস্থাপক (অ্যাডমিন ম্যানেজার) আইয়ুব আলী জানান, কারখানার কাছে স্থানীয় কবির হোসেনের ৯ তলা ভবনের তৃতীয় তলায় তাদের কারখানায় কর্মরত তিন বিদেশি (চাইনিজ) কর্মকর্তা ভাড়া থাকেন। সোমবার দুপুরে বিদ্যুৎ না থাকায় ভুলবশত বাসার পানির কল ছাড়া ছিল। রাতে তারা বাসায় ফিরে বিষয়টি টের পান। এ ঘটনায় পার্শ্ববর্তী ভাড়াটিয়ার রুমে পানি গিয়ে মালামাল নষ্ট হয়েছে এমন অযুহাতে ওই তিন বিদেশী প্রকৌশলীকে গালমন্দ করা হয়।
মঙ্গলবার সকালে তিন বিদেশি প্রকৌশলী জাংজিং ওয়াং, ইউং জিং দে ও হাং হাই বিং বাসা থেকে বের হয়ে কারখানায় যাওয়ার সময় নাসির উদ্দিন ও বিল্লাল রাস্তায় তাদের গতিরোধ করে। একপর্যায়ে তাদের ধরে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে গিয়ে মারধর এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য আটক করে রাখে।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তিন বিদেশি নাগরিককে উদ্ধার এবং অভিযুক্ত নাসির ও বিল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাসির ও বিল্লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/বিএল/






