সাভারে আল-আমিন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ছোড়া গুলিতে ইসমাইল নামে (৩৩) এক ফুল ব্যবসায়ী নিহত হন। বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাতে সাভারে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ইসমাইল শ্যামপুর এলাকার সহিদুল মিয়ার ছেলে ও ফুল ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের ভবানীপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন ভবানীপুর এলাকায় তার বাগান বাড়িতে অবস্থান করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুলের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় আল-আমিনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় বিএনপি নেতা জসিম ও আল-আমিনের পরিবারের সদস্যরা মাইকিং করে ডাকাত বলে এলাকাবাসী জড়ো করতে থাকে। পরে এলাকাবাসী জড়ো হলে আল-আমিনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ অবস্থায় তাকে নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ আল-আমিনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার সহযোগী ইসমাইল নামে এক ফুল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর র্যা ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এ ঘটনার পর পুলিশ ভবানীপুর এলাকায় বিভিন্ন বাড়িতে ব্যাপক অভিযান শুরু করেছে। গ্রেফতার আতঙ্কে পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
মনসুর ও রহিমসহ কয়েকজন বলেন, রাতে ডাকাত বলে মাইকিং করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আল-আমিনকে ছিনিয়ে নেয়। এ ঘটনার পর শুক্রবার সকাল থেকে পুলিশ ওই এলাকায় বিভিন্ন বাড়িতে তল্লাশি শুরু করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিম সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজী, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসা, জমি দখল, পুলিশের ওপর হামলাসহ প্রায় ১৭টি মামলা রায়েছে। গ্রেফতার করতে গেলে তার সহযোগী, পরিবার ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় একজন গুলিবিদ্ধ হলে হাসপাতালে মারা যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে সন্ত্রাসী আল-আমিনের শ্বশুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য অজল হকসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/








