ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে এখন তা বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ফরিদপুর জেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
পানি বাড়ার ফলে সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর এবং চরভদ্রাসন উপজেলার গাজীরটেক, চরহরিরামপুর, ঝাউকান্দা ইউনিয়নের বেশির ভাগ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক জানান, দ্রুত গতিতে পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। যেভাবে পানি বাড়ছে তাতে করে কয়েক দিনের মধ্যে নর্থ চ্যানেল ইউনিয়নের অধিকাংশ বাড়িতে পানি ঢুকে পড়বে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে পদ্মার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ১০/১৫ সেন্টিমিটার করে পানি বাড়ছে। জেলার সদর, চরভদ্রাসন, সদরপুর ও আলফাডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছ, বলেও জানান তিনি।
/এমও/








