মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে চারটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যমুনা নদীর শাখা জিয়নপুর ইউনিয়নের আমতুলী এলাকায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি এবং খলসী ইউনিয়নের খলসী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা ওই সব এলাকায় অভিযান চালিয়ে এই ড্রেজারগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা জানান, ‘দীর্ঘদিন যাবৎ দৌলতপুর উপজেলার চকহরিচরন গ্রামের আব্দুল মজিদ ও রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যা যমুনা নদীর শাখা আমতুলী এলাকায় নদীতে এবং খলসী গ্রামের ধনী শেখ ও বেলদো গ্রামের ইউসুফ আলী অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি ও মাটি উত্তোলনের মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। তাই জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করে চারটি অবৈধ ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’








