আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। আর এই সরকারকে বাধ্য করার মতো ক্ষমতা অন্তত বিএনপির নেই।’ সোমবার (৪ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ধান গবেষণা ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে বীজ বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘২০১৪ সালে বিএনপি সারাদেশে সহিংসতা ও নাশকতা করেও নির্বাচন বন্ধ করতে পারেনি। সেই সময়ের চেয়ে বিএনপির সাংগঠনিক অবস্থা এখন আরও দুর্বল। বিএনপির ক্ষমতা নেই যে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলকে তাদের দেওয়া রূপরেখায় নির্বাচন করতে বাধ্য করবে। আওয়ামী লীগের মহাজোট আছে, থাকবে। এখানে ভাঙনের কোনও সুযোগ নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন,‘বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে এবং তিনি যে নির্দোষ, তা আদালতের মাধ্যমেই প্রমাণ করবেন। আর যদি দোষী প্রমাণিত হন তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। নিজের অপরাধ ঢাকতে ‘বিচার বিভাগের বিচার মানব না’ এমন মানসিকতা জনগণ আর বরদাস্ত করবে না।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ। পরে তিনি প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন।
আরও পড়তে পারেন: দুশ’ ‘রাজাকারের’ বিরুদ্ধে মামলা গেল ট্রাইব্যুনালে







