নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে কামালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বিকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) রজব আলী জানান, পূর্ব বাঘমারা এলাকার স্কুল ব্যাগ তৈরির কারখানার শ্রমিক কামাল গত রবিবার দুপুরে শিশুটিকে কারখানার ভেতরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হয়। পরে ওই শিশুর অভিভাবকরা এলাকাবাসীর সহায়তায় কামালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বুধবার মামলা নেওয়া হয়েছে। পরে আসামি কামালকে আদালতে পাঠানো হয়েছে।








