নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির হামজাসহ চারজন, সদর উপজেলায় বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ দু’জন, ঘিওর উপজেলায় পাঁচ জন ও দৌলতপুর উপজেলায় এক বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত তিনদিনে জেলা থেকে অর্ধশত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
ওসি জানান, ৮ তারিখে খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতামুলক ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।







