গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী কিশোর কবি সুকান্ত মেলা। আগামী রবিবার পর্যন্ত এ মেলা চলবে। মেলাকে ঘিরে উপজেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। নবরূপে সেজেছে কবির বাড়ি ও আশপাশের এলাকা। ‘কবি সুকান্ত মেলা আয়োজন কমিটি’ মেলার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। পরে কবির জন্ম পরিক্রমা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী সরকার, কোটালীপাড়া কবি সুকান্ত সেবা সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার বক্তব্য রাখেন।
প্রতিদিন মেলা উপলক্ষে প্রতিষ্ঠিত সুকান্ত মঞ্চে শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ ভারত থেকে আগত শিল্পীরা পরিবেশন করেছেন গান ও নাচ। মেলাকে কেন্দ্র করে কবির পৈতৃক ভিটার পাশে বসেছে মেলা। এ মেলায় মিষ্টি, খেলনাসহ দেশিপণ্যের নানা দোকান ও নাগর দোলা, সার্কাস বসেছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, কবি সুকান্তের বাড়িটি একটু প্রত্যন্ত গ্রামে হওয়ায় এখানে উন্নয়নের ছোয়া তেমন একটা লাগেনি। তবে কবি সুকান্তের পৈতৃক ভিটার যে জমি আছে সেখানে একটি পর্য্টন কেন্দ্র গড়ে তোলা হবে। সেই সঙ্গে লাইব্রেরি ও সুকান্তের বাড়ির রাস্তাটি সম্প্রসারণ করা হবে।







