নরসিংদীতে বরফকল শ্রমিক আইয়ুব মিয়া ওরফে বুলেট হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ মিয়াকে (৩৪) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার এরশাদ মিয়া চাঁদপুর জেলার মতলব থানার আমুয়াকান্দি এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে ও নরসিংদী শহরের ভাসমান বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে নরসিংদী শহরের বাজীড় মোড় এলাকার একটি বরফ কলের শ্রমিক ও বানিয়াছল মহল্লার হেকিম সরকারের ছেলে আইয়ুব মিয়া ওরফে বুলেটকে ডেকে নিয়ে যায় এরশাদ মিয়াসহ অন্যান্য আসামিরা। পরে তাকে কুপিয়ে হত্যা করে চরাঞ্চলের করিমপুরের মেঘনা নদী এলাকায় ফেলে দেয় তারা। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে উক্ত মামলায় আদালত আসামি এরশাদসহ ৬ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আসামি এরশাদকে গ্রেফতার করা হয়।
পুলিশ পরিদর্শক জানান, গ্রেফতারের সময় এরশাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।







