মুন্সীগঞ্জের কাটাখালি মুন্সিরহাট হাটে ১২ মামলার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফ। বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসাইন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করেছে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি এস এম আলমগীর হোসাইন জানান, নিহত আরিফ ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলার আসামি। বুধবার (২৬ এপ্রিল) রাত ১০টায় তাকে মুন্সীগঞ্জের দূর্গাবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে সদর উপজেলার গজারিয়াকান্দিতে যাচ্ছিল। পথে কাটাখালি মুন্সিরহাটের সংযোগ সড়কে চর হায়দ্রাবাদ এলাকায় জাকির মোল্লার বাড়ির সামনে গেলে আরিফের লোকজনের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। তখন আরিফ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’







