মানিকগঞ্জের সিংগাইরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সায়েস্তা ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো ওই গ্রামের জানু দেওয়ানের মেয়ে উম্মেজিয়াদ (৭) ও তার ভাই আকবর দেওয়ানের মেয়ে আর্দিয়ারা (৬)।
চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার নিহতদের পারিবারিক উদ্ধৃতি দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে নিহত দুই শিশুসহ কয়েকজন সমবয়সী মিলে বাড়ির পূর্ব পাশে প্রতিবেশী সায়েদ মাস্টারের পুকুরে প্রতিদিনের মতো গোসল করতে যায়। এ সময় আর্দিয়ারা পানিতে ডুবে গেলে উম্মেজিয়াদ তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে অন্যরা তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তাদেরকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।







