মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে সুমন বিশ্বাস (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন একথা জানিয়েছেন।
রবিবার (২৭ মে) রাত ২টার দিকে পৌরসভার মুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি জানান, মীরকাদিম পৌরসভার মুড়মা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মাঝে গোলাগুলি হয়। এসময় প্রতিপক্ষের গুলিতে সুমন বিশ্বাস উরফে কানা সুমন নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদকসহ ২০-২৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। তবে কী পরিমাণ ইয়াবা রয়েছে তা এখনও গণনা করা হয়নি।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।







