গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তঃজেলা ব্যাংক জালিয়াতচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার রূপালী ব্যাংকের জয়নগর শাখা থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ব্যাংকের সিল, চেকবই ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জাকান্দি গ্রামের মোতালেব ব্যাপারীর ছেলে আবু বকর বেপারী (২৯), একই উপজেলার কচুয়ারচর গ্রামের সামচুল হকের ছেলে সাঈফুল ইসলাম (৩৮), চরদোরাইন গ্রামের আবু বক্কার হাওলাদারের ছেলে মোতালেব হাওলাদার (৪৫) ও চরকামারকান্দি গ্রামের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪৯)।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ব্যাংক জালিয়াতচক্রের সক্রিয় সদস্য। এদের কাছে ব্যাংকের সকল কর্মকর্তার সিল থাকে। এরা নিজেরা চেকে স্বাক্ষর ও সিল দিয়ে দেয়, যা দেখে মনে হয় চেকটি পাস করিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তরা ওই চেক ভিড়ের মধ্যে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে টাকা তুলে নেয়। ঈদের দুই দিন আগে চক্রটি জয়নগর রূপালী ব্যাংকে এসে এক গ্রাহকের চেকবই নিয়ে পালিয়েছিল।
পরে ব্যাংকের সিসিটিভিতে ধারণকৃত ভিডিওচিত্র দেখে তাদের শনাক্ত করা সম্ভব হয়। বুধবার চক্রটি আবার ব্যাংকে ঢুকলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের চিনে ফেলে এবং ব্যাংকের ভেতর আটকে রেখে পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।






