কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ‘রহস্যজনক’ আগুনে প্যাথলজি বিভাগ ও ব্লাড ব্যাংক পুড়ে গেছে। রবিবার ভোর পাঁচটার দিকে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার ২১৪ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
এ সময় অতঙ্কে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে নামার সময় বেগম (২৬) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে জেলার কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের খুরশিদ মিয়ার স্ত্রী।
হাসপাতালে গিয়ে জানা যায়, আগুনে তিনটি ফ্রিজ, একটি এসি ও বিভিন্ন মেশিনপত্রসহ আগামী এক বছর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাখা কেমিক্যালসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুলতানা রাজিয়া বলেন,‘এটা দুর্ঘটনা না নাশকতা-জানতে ডা.জহিরুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া বিষয়টি জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।
তিনি জানান, আগুনে ব্লাড ব্যাংক ও প্যাথলজি বিভাগের পুরোটাই পুড়ে গেছে। তবে দ্রুত এ সেবাগুলো চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোগীর মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, আগুনের সঙ্গে রোগীর মৃত্যুর কোনও সম্পর্ক নেই। রোগীটি এমনতেই দুর্বল ছিল।







