রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ আগস্ট) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রাবেয়া বেগম ভবদিয়া গ্রামের আবুল হোসেন মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, ভবদিয়া গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখ বাড়ির পাশে মাঠের মধ্যে মুরগীর খামার তৈরি করেছেন। খামারে শেয়ালের উৎপাত ঠেকানোর জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে তারের ফাঁদ পেতে রাখেন। সোমবার সকাল সাতটার দিকে সেখানে শুকনো লাকড়ি কুড়াতে যায় রাবেয়া। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাতিজা ফরহাদ মণ্ডল অভিযোগ করেন, ‘খামারের চারপাশে বিদ্যুতের সংযোগ দেওয়া তার দিয়ে খামার মালিক সেটি কাউকে বলেননি। বিষয়টি কেউ জানতো না। এ রকম ব্যবস্থা নেওয়ার আগে সবাইকে জানিয়ে রাখলে এভাবে মৃত্যু হতো না।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








