আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ চারটি সংসদীয় আসনে প্রার্থী দেবে। এরই মধ্যে তারা প্রার্থীর নামও ঘোষণা করেছে। শনিবার নগরীর ২নং রেলগেট এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে কর্মী সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ।
বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, ‘সীমাহীন অনিয়ম, জালিয়াতি, ভোট ডাকাতি, কেন্দ্র দখল, বিরোধী দলীয় পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া, সন্ত্রাস, মাস্তানি, গুণ্ডামি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনি মহড়া শেষ হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট যে,জনগণের ম্যান্ডেটবিহীন জাতীয় সংসদ বহাল রেখে এবং বর্তমান দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোনও সুযোগ নেই। গোটা নির্বাচনি ব্যবস্থাকে কার্যত ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন পুরোপুরি টাকার খেলায় পর্যবসিত হয়েছে।’
বাসদ মনোনীত প্রার্থীরা হলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাহাঙ্গীর আলম গোলক।







