গাজীপুরের টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তরুণী, যৌনকর্মী ও খদ্দেরসহ ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়। গাজীপুরের বিশেষ শাখার ইন্সপেক্টর মমিনুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।
ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থানা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টির অভিযোগ ওঠে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ওই এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায়। হোটেল থেকে ৫২জন যৌনকর্মী ও তরুণী এবং ৬২জন পুরুষ দালাল ও খদ্দেরসহ মোট ১১৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের খবর পেয়ে হোটেলের অন্য কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এব্যাপারে টঙ্গী মডেল থানায় মামলা দায়েরের পর শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








