নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশে ঐতিহাসিক খেলার মাঠের চারপাশ অবৈধভাবে দখল করে কসমেটিস, খেলনা, চায়ের দোকান ও মিষ্টির দোকান গড়ে উঠেছে। এতে লোকনাথ ভক্তদের আশ্রম এলাকায় ঢুকতে অসুবিধা হয়। আশ্রম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।








