ড. কামাল হোসেনের মতো কিছু ‘ডক্টরেট’ বাংলাদশের বিরুদ্ধে দেশে ও বিদেশে নানাভাবে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন শামীম ওসমান। রবিবার নগরীর ইসদাইর এলাকায় এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়ামে সরকারি তোলামার কলেজ ছাত্র সংসদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘ড. কামাল হোসেন ও নোবেল জয়ী এক ডক্টরেটসহ দেশের কিছু ডক্টরেট আছেন যারা চান না বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ গোটা দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন। তারা জোট করে ক্যান্টমেন্টের দিকে চেয়ে আছেন কিছু করা য়ায় কিনা। যদিও ভোট হলে এই জোটের জামানত থাকবে না।’
ওই ডক্টরেটে ডিগ্রিধারীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘শুধু দেশের ভেতরেই না, ওই ডক্টরেট লন্ডনে অবস্থানরত তার জামাতাকে দিয়ে বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন। তিনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন। কিন্তু তিনি দেশে কী শান্তি নিয়ে এসেছেন তা আমার জানা নেই।’
বিএনপির রাজনীতির সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘খালেদা জিয়া ২০১৪-২০১৫ সাল পর্যন্ত দেশের ৯৩ জন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এটা কেমন রাজনীতি? এই রাজনীতি রাজনীতিবিদদের লজ্জা দেয়।’ দেশের যেখানে অন্যায়-অত্যাচার হবে সেখানেই প্রতিবাদ শিক্ষার্থীদের প্রতিবাদ করার আহ্বান জানান।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন প্রাপ্তির কথাও জানান তিনি।








