প্রায় ১৩ ঘণ্টা পর বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে আবার সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নাব্য সংকটের কারণে এই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকালে নৌরুটের উভয় ঘাট থেকে তিনটি করে মোট ছয়টি ফেরি চলা শুরু করে। নাব্য সংকট ও চ্যানেলে ড্রেজিং মেশিন স্থাপনের কারনে রাতে ফেরি চলাচল বন্ধ রেখে দিনে সীমিত আকারে ফেরি চলাচল করছে। সক্ষমতার তুলনায় কম পরিমাণ যানবাহন নিয়ে ফেরিগুলো চলাচল করছে।
শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি’র উপমহাব্যবস্থাপক সৈয়দ শাহ বরকত উল্লাহ বলেন, ‘মঙ্গলবার ৬টা থেকে ফেরি বন্ধ ছিল। বুধবার সকালে ৬টি চালু করা হয়েছে। তবে, অপেক্ষাকৃত কম লোড নিয়ে ফেরি চলছে। পুরোপুরি লোড করলে ফেরির তলা নদীর তলদেশে লেগে যায়। এতে দুর্ঘটনার ঘটতে পারে।’
তিনি আরও জানান, নাব্য সংকট ও চ্যানেলে ড্রেজিং মেশিন বসানোয় রাতে ফেরি চালানো যাচ্ছে না। দিনে ফেরি চলছে সীমিত আকারে। তবে, দুই- একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে বলে আশা করছি।
ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় উভয় ঘাট এলাকায় ৪০০ বেশি যানবাহন অপেক্ষা করছে।








