ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন সহকারী প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর জোনাল অফিসে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার নাম আখেরুজ্জামান (৪০)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি’র গোয়েন্দা পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গাজীপুর সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম কাউসার চৌধুরী জানান, বাঁশের কেল্লা নামের ফেসবুক গ্রুপে আখেরুজ্জামান ওইসব স্ট্যাটাস শেয়ার করতেন।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, আখেরুজ্জামান সরকারি চাকরি করা সত্ত্বেও তার নিজ ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্ট্যাটাস পোস্ট দিয়েছেন।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব জানান, গ্রেফতার আখেরুজ্জামান প্রায় আট বছরেরও বেশি সময় ধরে গাজীপুর জোনাল অফিসে কর্মরত। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর শাখার সিস্টেম অপারেশনের (উত্তর) জয়দেবপুর সেক্টরের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।








