ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম খাজা আশাক কাদির (৬০) । ঘটনার পরপরই ছোট ভাই খাজা আরমান কাদির (৪৫) পলাতক রয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবু হেনা মো. মোস্তফা রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দুপুরে নিহত কাদিরের কালিন্দী শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে দুপুরে পরিবারের সবাইকে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কাদির তার ছোট ভাই আরমানকে বিয়ের অনুষ্ঠানে যেতে বললে সে রাজি হয়নি। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই কাদির ইট নিয়ে ছোট ভাইকে মারতে যায়। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা কাদিরকে বাধা দেয়। পরে কাদির তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে যাওয়ার পথে ছোট ভাই আরমান তাকে ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে। কাদিরকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং ঘাতক ছোট ভাই খাজা আরমান কাদিরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।








