গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী পেলাইদ এলাকায় একটি নির্মাণাধীন রিসোর্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় তার সহকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উদ্দিন (৪৫) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ডুবরামোহনপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে এবং আহত আশরাফুল ইসলাম (৩৫) একই এলাকার জাকির শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই সহকর্মী নবাব খান জানান, জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির নির্মাণাধীন রিসোর্টের দ্বিতল ভবনের কাঠের তৈরি শৌচাগারে আলপিন গাঁথার কাজ করছিলেন তারা। এ সময় শৌচাগারের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে স্টেইনলেস স্টিলের মইটি বিদ্যুতায়িত হলে জাহাঙ্গীর ও তার সহযোগী জাকির পেছন দিকে পড়ে যায়। এতে তারা দুজনই আহত হয়। আর বিদ্যুৎস্পৃষ্টে রায়হান গুরুতর আহত হন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সিদ্দিক জানান, রায়হানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বিকাল সাড়ে তিনটায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল হক জানান, মরদেহের খোঁজ-খবর নেওয়া হয়েছে। পরিদর্শনের জন্য ঘটনাস্থলে যাচ্ছি। মৃতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা কোনও অভিযোগ করেনি। কোনও অনিয়ম বা স্বজনদের অভিযোগ পেলে পোস্টমর্টেম করা হবে। মামলা নেয়া হবে।







