নরসিংদীতে ৫টি সংসদীয় আসনে ২০০৮ সালে নির্বাচিত এমপিরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে তিনজন বর্তমানেও সংসদ সদস্য। রবিবার (২৫ নভেম্বর) দিনভর পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নিয়েছেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন-নরসিংদী-১ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ (পলাশ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্তমান সাংসদ রাজি উদ্দিন আহমেদ রাজু।
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে প্রার্থীদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।







