একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি আসনের মধ্যে সাতটি আসনে মনোনয়ন প্রত্যাশী ১৪ জনকে চিঠি দিয়েছে বিএনপি। সাতটি আসনে দুইজন করে মনোনয়নপত্রের চিঠি দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা এ তথ্য জানিয়েছেন।
চিঠি প্রাপ্তরা হলেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু ও কৃষিবিদ শামছুল আলম তোফা, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মাইনুল ইসলাম ও লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর)আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুল ইসলাম খান।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা বলেন, ‘টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনে দুইজন করে মোট ১৪ জনকে চিঠি দেওয়া হয়েছে। তবে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। বিষয়টি আগামীকাল বুধবার জানা যাবে।’
এদিকে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী আসবেন নাকি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আসবেন সেই আলোচনা চলছে।







