ড. কামাল হোসেনকে জামায়াতের সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরী যদি একা একটি ফোরাম বা ঐক্য গড়তে পারেন, তাহলে তাদের পক্ষেও সেটা সম্ভব। ক্ষমতায় আসার জন্য ড. কামাল হোসেন নিজেকে যেভাবে বিক্রি করে দিয়েছেন, তাতে আগামী প্রজন্ম কোনও দিন তাদের ক্ষমা করবে না।’ শনিবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শামীম ওসমান বলেন, ‘সাধারণ মানুষকে বোকা ভাবার কোনও কারণ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। সাধারণ মানুষ যেভাবে বর্তমান সরকারের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছে, আমি আশা করি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে এবার আরও অনেক ভালো ফল করবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের দোয়া নিতে। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত কারও কাছে ভোট চাইবো না। আমি উন্নয়নে বিশ্বাসী। মানুষ যদি চায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক, তাহলে জননেত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করবে বলে আমি মনে করি। এমপি হওয়াটা আমার কাছে বড় ব্যাপার না। মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমার বিশ্বাস আমাদের পূর্ব পুরুষদের যে স্বপ্ন ছিল, শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।’
শনিবার শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি ফতুল্লার ভূঁইগড় এলাকা ও বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে দোয়া চান এবং বেশ কয়েকটি পথসভায় অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে শামীম ওসমান ভুঁইগড় এলাকা থেকে পথসভা শুরু করেন। এ সময় তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রয়াত সিরাজুল ইসলামের বাবা মরহুম সৈয়দ আলী মাস্টারের বাসভবনে যান। সেখানে তিনি তার কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







