গাজীপুর-৩ (শ্রীপুর-পিরুজালী-ভাওয়ালগড়-মির্জাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ শ্রীপুর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে শ্রীপুরে তারা এ গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময় করেন। আফতাফ উদ্দিন নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘আমি শুনেছি, শ্রীপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিরোধী প্রার্থী ও তার লোকজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্রতম কর্মী হিসেবে এমন আচরণ মেনে নেওয়া যায় না।’
শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ তার দলের নেতাকর্মীদের বলেন, ‘গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ মহাজোটের মনোনীত প্রার্থী। সবাই তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে তৃণমূলে কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমদ। মুহাম্মদ আলমগীর হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন— শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান মণ্ডল, জাতীয় পার্টির নেতা মাহবুব আলম প্রমুখ।








