টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার রতনগঞ্জ গ্রামের লেবু সওদাগরের ছেলে মোশারফ হোসেন (৪০), আওলাতৈল গ্রামের শামসুল আলমের ছেলে হারুন অর রশিদ (৩২), সালেংকা গ্রামের মোকছেদ আলী চান্দের ছেলে আমিনুর রশিদ (৪৫), একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ছামান আলী (৫২), সহদেবপুর গ্রামের ইব্রাহীমের ছেলে মিজানুর রহমান মজনু (৩৫), মোন্দইল গ্রামের নুর মোহাম্মদ মল্লিকের ছেলে আবু বকর মল্লিক (৩৫), বলধী গ্রামের মৃত ইমান আলীর ছেলে বাহাজ উদ্দিন (৫০), একই গ্রামের মৃত আফছার ঢুলীর ছেলে লুৎফর রহমান (৪০), কোকরাইল গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আয়নাল হক (৪৮), বানিয়াফৈর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ওমর আলী (৪৫) ও দ্বিমুখা গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে আশিকুর রহমান সোহেল (৪৩)।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘গত ১৯ ডিসেম্বর রাতে উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনি অফিস ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় এজাহারভুক্ত ১১ জনকে গ্রেফতার করে শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’








