আশুলিয়ার একটি পোশাক কারখানায় ডায়িং মেশিনের গরম পানিকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জামগড়া এলাকায় ওয়ান থ্রেড বিডি লিমিটেড নামক সুতা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— কারখানার অপারেটর রমজান, নুরু, সাজু, ডাইং ইনচার্য মনির হোসেন ও কালাম। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। বাকিরা উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আশুলিয়ার জামগড়া এলাকায় রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। ডাইং মেশিন থেকে সুতা বের করার সময় গরম পানিতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। পরে তাদের উদ্ধার করে উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কারখানার ম্যানেজার রিয়াজুর রহমান বলেন, ‘অসাবধনতার কারণে ডায়িং মেশিনের গরম পানিতে পাঁচজন দগ্ধ হয়েছেন।’
আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।








