মাদারীপুরের কালকিনিতে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম জহিরুল ইসলাম ওরফে জোক্কা। র্যাবের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। জহিরুল কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার বাসিন্দা।
র্যাব-৮ জানায়, দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে কালকিনি উপজেলার রমজানপুরে অভিযানে যায় র্যাব-৮-এর সদস্যরা। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জহিরুল নামে একজনের মরদেহ উদ্ধার করে র্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।
কালকিনি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, ‘র্যাবের কাছ থেকে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহতের খবর পেয়ে কালকিনি থানা পুলিশ জহিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।








