সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন,‘আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজায় অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি জানান, ৯শ’ ৩০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪শ’ ১০ মিটার দৈর্ঘ্যে মেঘনা-গোমতী সেতুটি ইদুল ফিতরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আরও জানান, বৈদ্যুতিক প্রক্রিয়ায় টোলপ্লাজায় কোনও যানবাহন না থামিয়ে এবং নগদ অর্থ ছাড়াই ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। এর ফলে টোলপ্লাজায় টোল আদায়ের সময় মহাসড়কে যে যানজট সৃষ্টি হয়, তা আর হবে না। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন,‘এর ধারাবাহিকতায় সৈয়দ নজরুল ইসলাম সেতু, চরসিন্দু সেতু, কর্ণফুলি সেতু ও লালনশাহ সেতুতে পর্যায় ক্রমে ইলেকট্রোনিক টোল কানেকশন সিস্টেম চালু করা হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম।








