রাজবাড়ীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রঙ, হাইড্রোজ ও ফিটকিরি দিয়ে গুড় তৈরি করায় ওই কারখানার মালিককে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) বিকালে পাংশা উপজেলার মৈশালায় রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ অভিযান চালান।
সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, পাংশা মৈশালায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২৫০ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। এছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভেজাল গুড় তৈরির রাসায়নিক রঙ, হাইড্রোজ ও ফিটকিরি জব্দ করা হয়। জব্দ ৫০ কেজি ওজনের ৫ বস্তা চিনি ও চারটি বড় হাড়িতে থাকা ভালো আখের গুড় স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে সহায়তা করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা প্রশাসন।








