গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দুই নেতাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টায় গাজীপুর শহরের উনিশ চত্বর (মুক্ত মঞ্চ) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ (৩৩) এবং শুভ আহমেদ রাসেল ওরফে রয়েল (২৪)। এদের মধ্যে নাহিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রয়েলের ভাই আনিসুর রহমান রুবেল ও স্থানীয়রা জানায়, গাজীপুর শহরের জয়দেবপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারে করে শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা নাহিদ ও রয়েল বাসায় ফিরছিল। তারা উনিশ চত্বর (মুক্ত মঞ্চ) এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা দৃর্বত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নাহিদকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তারা নাহিদের সহযোগী রয়েলকেও কুপিয়ে জখম করে। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত ওই দু’জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহত নাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত রয়েলকে গাজীপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’






