ঢাকার কেরানীগঞ্জের বামনশুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. ফাহাদ হাসান (২৬) ও তার মা ফেরদৌস আরা (৫০)।
প্রতিবেশী মো. সোহাগ হোসেন জানান, ফাহাদদের ঘরের একটি টেবিল ফ্যান বিদ্যুতায়িত হয়ে পড়ে। তার বাবা মো. খোরশেদ হাসান ওই ফ্যানের ওপর হাত দিলে বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়েন। এসময় ফাহাদের মায়ের একটি হাত ওই ফ্যানের ওপরে পড়ে। এতে তার মা বিদ্যুতায়িত হন। ঘরে থাকা ফাহাদের ছোট বোন তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করে। বোনের চিৎকার শুনে বাইর থেকে ফাহাদ হাসান দৌড়ে ঘরে এসে তার মাকে বাঁচানোর চেষ্টা করে। এসময় ফাহাদ ও তার মা একসঙ্গে ওই ফ্যানের বিদ্যুৎস্পৃষ্ট হন।
কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, কেউ এ বিষয়ে থানায় অবহিত করেননি।
শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন জানান, আত্মীয়-স্বজনেরা তাদেরকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে তাদের দুইজনের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদ দেন। তাদের জানাজায় তিনিসহ এলাকার অনেক লোক উপস্থিত ছিলেন।
থানা পুলিশকে কেন জানানো হয়নি, জানতে চাইলে চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন বলেন, ‘তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কোনও অভিযোগ ছিল না। সবার সম্মতিক্রমেই থানা পুলিশকে না জানিয়েই তাদেরকে দাফন করা হয়েছে।’







