বুড়িগঙ্গা নদীর দুই তীরে ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বৃস্পতিবার (৪ জুলাই) সকালে বুড়িগঙ্গা নদীর উত্তর পাশে কামরাঙ্গীরচরের হুজুরপাড়া থেকে বাবুবাজারব্রিজ পর্যন্ত এবং দক্ষিণ পাশে বাবুবাজার ব্রিজ থেকে কেরানীগঞ্জের তেলঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১.৫ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মো. মিজানুর রহমান; সহকারী পরিচালক মো. নূর হোসেন ও মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে কয়েক বছর আগেই নদীরক্ষা সীমানা পিলার স্থাপন করা হয়। সীমানা পিলার অতিক্রম করে নির্মিত স্থাপনাগুলোই এখন উচ্ছেদ করা হচ্ছে। অভিযান চলাকালে কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায় একটি পাকা ভবন ভাঙ্গার সময় বাধা দেওয়ায় অবৈধ দখলদার জামান হোসেন নামের একজনকে আটক করে কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করা হয়। একই অপরাধে আবুল হোসেন ও আব্দুর রহমান নামে আরও দুজনসহ মোট তিনজনের নামে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক একেএম কায়সারুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা (নম্বর ১০) করেছেন।’
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, দখলকারীরা যতই শক্তিশালী হোক, আমরা নদীর দুপাশ উদ্ধার করবোই। আগামী ৯ জুলাই বাদামতলী থেকে আবরও অভিযান শুরু হবে। উচ্ছেদ করা জায়গায় ওয়াকওয়ে, ইকোপার্ক, গাইডওয়াল ও তীর প্রটেকশন নির্মাণ করা হবে। সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ সেখানে বসার জায়গা থাকবে।








